নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শামীমাবাদে এক হিন্দু পরিবারকে হয়রানির অভিযোগ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট/১৯ শ্রাবণ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেই এলাকার ১৮৩ নম্বর বাসার বাসিন্দা ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার গীতা রানী হালদারের মেয়ে পূজা মন্ডল।
তিনি জানান, তার বাবা তপুন কুমার মন্ডল কাজল প্রবাসে থাকেন। মা গীতা রানী স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে থাকেন শামীমাবাদের বাসায়। ২০১৩ সালে সেই এলাকায় ৪ শতক জায়গা কিনে বাসা নির্মাণ করে বসবাস করছেন তিনি। তাতে এতদিন কোনো সমস্যা হয়নি; কিন্তু গত বছর ৫ আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ একটি চক্র তাকে হয়রানি শুরু করে।
তিনি অভিযোগ করেন, বাসার লাগোয়া প্লটের মালিক সুহেল বেগ ও তার সহযোগী রজব আলী, আব্দুল মুমিন, ইমরান আহমদ, শাহান আহমদ, কামরান আহমদ, আঙ্গুর মিয়া, ফকির আলী, রাসেল আহমদ, সুমান আহমদ ও রাব্বিসহ আরও বেশ কয়েকজন এই উৎপাত শুরু করেন।
সুহেল বেগের দাবি, তার জায়গায় গীতা রানীদের বাসা; কিন্তু এর স্বপক্ষে কোনো কাগজপত্র তিনি দেখাতে পারছে না।
গীতা রানী তার স্বামী দেশে এলে এ বিষয়ে দুপক্ষ আলোচনায় বসার প্রস্তাব করলে সুহেল বেগ তাতে কর্ণপাত না করে তাকে হুমকি-ধমকি দিতে থাকেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়
পূজা মন্ডল জানান, তার মা চাঁদা না দেওয়ায় গত ২৮ জুলাই মধ্যরাতে সুহেল বেগ দলবল নিয়ে তার মায়ের বাসার সীমানা দেয়াল গুড়িয়ে দেন এবং বাসায় হামলা ও ভাঙচুর চালান। বাসার সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর গীতা রানী সিলেট কোতয়ালি থানায় এজাহার দিয়েও কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন।
অবশেষে গীতা রানী আদালতের দ্বারস্থ হয়ে দুটি মামলার আবেদন করেছেন।