সৌদি আরবে ৭ প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক

প্রকাশিত August 10, 2026
সৌদি আরবে ৭ প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”
তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি