সুনামগঞ্জ প্রতিনিধি : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ‘সরকারের আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে তৃণমূলের জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে নতুন শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম ঝিনুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা জজ জাকির হোসেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন, মুখ্য বিচারিক হাকিম সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক ও চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার।
সেমিনারে বক্তারা বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে গ্রাম পর্যায়ে অসহায় ও দরিদ্র মানুষদের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো সক্রিয় হতে হবে।
পরে ‘অধিকার’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।