সুনামগঞ্জে বাড়িতে হামলা ও লুটপাট : নারীসহ আহত ৪ জন

প্রকাশিত January 16, 2021
সুনামগঞ্জে বাড়িতে হামলা ও লুটপাট : নারীসহ আহত ৪ জন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে একটি বাড়িতে হামলায় ৪ জন আহত হয়েছে। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। এছাড়া লুটপাটের অভিযোগও করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হুরা মিয়ার বসতঘরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে ব্যবসার নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় আহতরা হলেন, হুরা মিয়া, তার স্ত্রী জায়েদা খাতুন, মেয়ে সাবিকুন নাহার ও ছেলে আব্দুস শহীদ। হুরা মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছর ২৬ অক্টোবরও এই পরিবারের উপর আরেকদফা হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরাফিরা করছে।
সদর মডেল থানার ওসি মো শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।