সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা || আহতরা ১ লাখ থেকে ৩ লাখ

প্রকাশিত August 8, 2026
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা || আহতরা ১ লাখ থেকে ৩ লাখ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
শনিবার (৮ আগস্ট/২৪ শ্রাবণ) দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ সহায়তার কথা জানান।
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা। এছাড়া গুরুতর আহতরা ৩ লাখ টাকা আর অন্যান্য আহতরা ১ লাখ টাকা করে আর্থিক অনুদান পাবেন।
মন্ত্রী আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি তদারকি করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের রোগীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার নির্দেশ দেন।
চিকিৎসায় যেন কোনো প্রকার অবহেলা বা প্রয়োজনীয় ঔষধপত্রের ঘাটতি না হয়, সে বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ও দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি তিনি চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ডালিম উদ্দিন, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি