ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি/২৫ মাঘ) সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার।
এ সময় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিমালা মেনে সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা তথ্য অফিসের এ ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এ প্রচারণার মাধ্যমে সিলেট জেলা ও সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ ভোটদানে উৎসাহিত হবেন।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী/পিআইডি