বাংলাদেশের উন্নয়নের শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে : ডা জীবন

প্রকাশিত February 8, 2026
বাংলাদেশের উন্নয়নের শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে : ডা জীবন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত-গণঅধিকার পরিষদ জোট প্রার্থী ডা সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বাংলাদেশ এখন কৃষি, তৈরি পোশাক ও প্রবাসী আয়-এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যার ভিত্তি রচনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশের উন্নয়নে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। কৃষির সমৃদ্ধির জন্য খাল ও নদী পুনঃখনন ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন। উন্নয়নের লক্ষ্যে তিনি নানামুখী প্রকল্প নেন। এভাবে আল্লাহর মেহেরবাণীতে দেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়, এমনকি গিনিতে চাল রফতানি পর্যন্ত করা হয়েছিল। আসলে বাংলাদেশের উন্নয়ন জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল।
তিনি আরো বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পূর্ব পর্যন্ত দেশের মানুষের উন্নয়নে কাজ করে গেছেন নিরলস ভাবে। তার মৃত্যুর পর ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসায় খালেদা জিয়া দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেন। এবার বিএনপি ক্ষমতায় এলে সেই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি/২৪ মাঘ) বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া বাজার ও রাজানগর-দুলালপুর গ্রামে আয়োজিত নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা সাখাওয়াত হাসান জীবন ১২ ফেব্রুয়ারি কোন প্রকার ভয় না পেয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি নির্বাচিত হলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকবেন বলে আশ্বস্ত করেন।
ডা সাখাওয়াত হাসান জীবন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।