অপপ্রচার ও ভোট কেনার অভিযোগ করেছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ

প্রকাশিত February 7, 2026
অপপ্রচার ও ভোট কেনার অভিযোগ করেছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ একটি রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও ভোট কেনার অভিযোগ করেছেন।
শনিবার (৭ জানুয়ারি/২৪ মাঘ) দুপুর ১টায় সিলেট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সভাপতি, সিলেটের সংসদীয় আসনসমূহের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি রাজনৈতিক গোষ্ঠী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
একই সঙ্গে ধর্ম ব্যবহার করে ভোট প্রার্থনা, শিশু-কিশোরদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার, ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি এবং অর্থ বিতরণের মাধ্যমে ভোট কেনার অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং একাধিক আসনে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা দেখা যাচ্ছে।
এছাড়া অবৈধ ব্যালট, সিল ও কালি উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বিএনপি জানায়, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে সংগ্রহ ও বিতরণ করছে, যা নির্বাচনী আইন লঙ্ঘন এবং ভোটারদের গোপনীয়তার পরিপন্থী।
বিএনপি নেতারা অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।