গাজীপুরের চান্দিনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এই শোক, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, ‘এ ধরনের ঘটনা গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত। আমরা অবিলম্বে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে তারা আরও বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের কথা বলেন-সত্য প্রকাশে কাজ করেন। আর সেই সত্য প্রকাশের জন্যেই যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয় তাহলে তা জাতির অস্তিত্বের জন্য হুমকি।
উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।