সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে : আনোয়ারুল ইসলাম

প্রকাশিত October 19, 2025
সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে : আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে রোজার আগেই অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে এই নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
রবিবার (১৯ অক্টোবর/৩ কার্তিক) সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
এক প্রশ্নের উত্তরে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক তালিকায় নেই বলে কাউকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবেনা।
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বর্তমানে দলটির কার্যক্রম স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, দেশে আর কোনো বিতর্কিত নির্বাচন হবেনা। বিতর্কিত কর্মকর্তারা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।
একটি ভাল নির্বাচন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।