শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা

প্রকাশিত July 10, 2026
শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলামও উপস্থিত ছিলেন।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড মামুন আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। গবেষণা বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা প্রস্তাব দ্রুত আহ্বান, যাচাই-বাছাই শেষে সময়মতো অর্থ ছাড় ও আঞ্চলিক বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী উপাচার্যগণ গবেষণা অনুদান দ্রুত বিতরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
তারা আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনার মাধ্যমে গবেষণা অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড মো সাইদুর রহমান, প্রফেসর ড মাছুমা হাবীব, প্রফেসর ড মো আইয়ুব ইসলাম ও প্রফেসর ড আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি