শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু হয়েছে। এর মধ্য দিয়ে উপজেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।
এ প্রসঙ্গে উল্লেখ্য, টেকনোলজিস্টের অভাবে দীর্ঘদিন ধরে এখানে এক্স-রে সেবা বন্ধ ছিল।
বুধবার (১৫ জুলাই/৩১ আষাঢ়) দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা মো জসিম উদ্দিন এক্স-রে সেবা উদ্বোধন করেন।
এর আগে সিভিল সার্জন হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড এবং রান্নাঘর সহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা শুকদেব সাহা, ডা যশোবন্ত ভট্টাচার্য, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা দেবব্রত আইচ মজুমদার, ডা রাজিব বিশ্বাস, ডা উমর ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্মআহ্বায়ক আব্দুল আউয়াল, আব্দুল করিম মাস্টার প্রমুখ।
পরিদর্শন শেষে হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সিভিল সার্জন ডা মো জসিম উদ্দিন বলেন, “শাল্লা অত্যন্ত দুর্গম হাওর অঞ্চল। এখানকার মানুষের সেবায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসক থাকা খুবই প্রয়োজন। আমরা চিকিৎসক সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। আমরা দ্রুত এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি।”