শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে মুখ চেপে ও গলায় কাঁচি ধরে ধর্ষণ ও সেই পাশবিক দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযাগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এতে অভিযোগ করা হয়েছে, গত ১০ জুন সকাল ১১টার দিকে ছাত্রীটি বাড়ির পিছনের পুকুর পাড়ে নিজেদের হাঁস খুঁজতে যায়। এ সময় সেখানে ওৎ পেতে থাকা বখাটে সুফাইল মিয়া পিছন দিক থেকে অতর্কিতে তার মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তাকে ধর্ষণ করে।
ধর্ষকের সহযোগী সায়েক মিয়া নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরে তারা বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তী সময়ে সেই স্কুলছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে বিষয়টি অভিভাবকদের জানালে মামলা দায়ের করা হয়। এতে অভিযুক্তরা হলো উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে মো সুফাইল মিয়া (২০) ও নূরুল হকের ছেলে মিয়া (২০)।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রধান আসামি মো সুফাইল মিয়াকে (২০) গ্রেফতার করেছে।
শাল্লা থানার ওসি মো রোকিবুজ্জামান জানান, অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।