শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের এক সাধারণ সভা শনিবার (১৮ জুলাই/৩ শ্রাবণ) সকাল ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অনাদি তালুকদারের সভাপতিত্বে এবং পোড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার ও শান্তিপুর ইসমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী রাণী চৌধুরীর সঞ্চালনায় এতে সর্বসম্মতিক্রমে প্রথমে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড গঠন করা হয়।
পরে নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত ও সাধারণ সভার কণ্ঠভোটে ৩ বছর মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে লক্ষিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি সরকার খোকন সভাপতি ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা কানন বালা সরকার, প্রধান শিক্ষক রাম লাল সরকার, লিটন চন্দ্র তালুকদার, অপু রঞ্জন দাস, চয়ন কান্তি চৌধুরী, অসীম কান্তি সিংহ, অরবিন্দ দাস, মো সিদ্দিকুর রহমান, আব্দুল হামিদ, নাজমুল হুদা, লিটন চৌধুরী, মাখন লাল দাস, লিংকন রায়, মোজাম্মেল হক সোহাগ প্রমুখ।
নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো শিক্ষক যেন কোনো ধরনের অন্যায় হয়রানি বা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করাই হবে এই কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ভবিষ্যতে কোনো শিক্ষককে কোনো প্রকার হয়রানি করা হলে উপজেলার সকল শিক্ষক কঠোর ঐক্যের মাধ্যমে তা প্রতিরোধ করবেন।