শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা গাদ্দার : আফেন্দী

প্রকাশিত August 17, 2025
শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা গাদ্দার : আফেন্দী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ১৯৭১ সালে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালে ছাত্রজনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তাই ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা গাদ্দার হিসেবে চিহ্নিত হবে।
সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলা সদরে দলীয় প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের পরিচিতি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের প্রধান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে দলীয় প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
সমাবেশ শেষে বিয়ানীবাজার উপজেলা সদরে ‘খেজুর গাছ’ প্রতীকের পক্ষে প্রচার মিছিল বের করা হয়।