র‌্যাব-৯ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করেছে গুলিসহ ৫টি এয়ারগান

প্রকাশিত February 10, 2026
র‌্যাব-৯ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করেছে গুলিসহ ৫টি এয়ারগান

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালীন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি/২৭ মাঘ) আনুমানিক রাত দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের নোনাসার এলাকার একটি পুকুরের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে পুকুরপাড়ের দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
একই রাত সোয়া ৩টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের একটি পরিত্যক্ত ইট ভাটার আশেপাশে ব্যাপক তল্লাশির পর একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও কৌটা ভর্তি ৫১টি গুলি উদ্ধার করা হয়।
তবে এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত চালাচ্ছে।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।