নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাব সদস্যদের উপর সশস্ত্র আক্রমণের মূলহোতা ১৫টি মামলার আসামি এলাকার শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতকে গ্রেফতার করেছে।
গত ১১ মে বিকেল ৪টার দিকে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য বাঞ্চারামপুর উপজেলায় যাওয়ার পথে নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে পৌঁছামাত্র শফিক ও তার ডাকাত বাহিনীর সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল গ্রামবাসীর সহায়তায় অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় র্যাবের এক সদস্য বাদি হয়ে নবীনগর থানায় ১৩ মে একটি মামলা দায়ের করলে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব-৯ তৎপর হয়ে উঠে।
এর আগে গত ১২ মে র্যাব-৯ অভিযান চালিয়ে হামলার দায়ে ৯ জনকে গ্রেফতার করে।
এরপরও র্যাবের অভিযান অব্যাহত থাকে। এর ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) রাত সোয়া ১২টার দিকে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউলাহাটি শহিদ কাওসার রোড থেকে শফিক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে পুলিশ ও র্যাবের উপর হামলা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা, ধর্ষণ ও পর্ণোগ্রাফির ১৫টি মামলা রয়েছে।