নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ নানা অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ১৮ জুলাই রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে ৯৬ বোতল ইসকফ সিরাপ ও ট্রাকসহ মো আকাশ আহম্মদ (২০, পিতা মো আক্কাছ মিয়া, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ) ও মো সুরুজ মিয়া (৩৪, পিতা মো হোসেন আলী, টুকেরগাঁও, কোম্পানিগঞ্জ) নামের দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজাজারগাঁও এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) পূর্ব বিরোধের জের ধরে গত ৪ জুলাই সন্ধ্যায় খুন হন।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর যৌথ অভিযানিক দল একই দিন রাতে নরসিংদী পৌর ভবনের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর পলাতক আসামি মো বিল্লাল মিয়াকে (২৪, পিতা মো সিরাজ মিয়া, খোজারগাঁও, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগের দিন দুপুরে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ বিপ্লব বাড়াইককে (২৩, পিতা বাচ্চু বাড়াইক, মিরতিডাংগা, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করে।
গত ২৩ এপ্রিল হবিগঞ্জের বাহুবল উপজেলার দারাগাঁও এলাকার জেরিন আক্তার লিজা (২৬) পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গত ১৭ জুলাই রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় পলাতক আসামি ইরফান মিয়াকে (২০, পিতা মোস্তফা মিয়া, দারাগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।