অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চামরদানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে। ফলে ৪০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ইউনিয়নবাসীর চিকিৎসাসেবার সুবিধার্থে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হেকিম তালুকদার ভূমি দান করেন। এই ভূমিতে নির্মিত দোতলা ভবনে চামরদানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৯৯১ সালে ২২ জুন উদ্বোধন করেন তখনকার ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার। তখন একজন চিকিৎসকও নিয়োগ দেওয়া হয়; কিন্তু কোনো কারণ না দেখিয়েই এক যুগের বেশি সময় ধরে এখানে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে।
এলাকাবাসী বারবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চালুর দাবি জানিয়ে আসছেন।
দৌলতপুর গ্রামের অরবিন্দু তপু ও রনজন তালুকদার সহ সাধারণ মানুষ অবিলম্বে এখানে স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়ে বলেছেন না হলে ইউনিয়নবাসী আন্দোলনের পথ বেছে নিতে পারেন।
ধর্মপাশা (মধ্যনগরেরও দায়িত্বে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী জানান, চামরদানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির সব পদই শূন্য। জনবল নিয়োগ দিলে সমস্যার সমাধান হবে। এ ব্যাপারে ওপরে যোগাযোগ চলছে।