অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোয় পর্যটন শিল্পের বিকাশ এবং ধান, চাল ও মাছসহ অন্যান্য নিত্যপণ্য দ্রুত রাজধানীতে পৌঁছানোর সুবিধার্থে হাওর এলাকায় উড়াল রেলপথ নির্মাণের দাবি উঠেছে।
বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তর হাওর পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার অবস্থান মধ্যনগরে। এছাড়া পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলায় রয়েছে চুনাপাথর ও কয়লার মতো মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার। এই জনপদ মাছের অভয়ারণ্য। প্রতিবছর ১৫টির অধিক হাওরের বোরো ধান দেশের খাদ্য জোগান দেয়।
অথচ এই জনপদ যোগাযোগের দিক থেকে পিছিয়ে রয়েছে। তবে হাওরের বুকে সড়ক যোগাযোগ সহজ সাধ্য নয়। এর বিকল্প হিসেবে উড়াল সেতু যথোপযুক্ত বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। ইতোমধ্যে একটি প্রকল্পও বাস্তবায়নের পথে রয়েছে।
এই উড়াল সেতুতে রেলপথ সংযোজনের দাবি তুলেছেন মধ্যনগরসহ ভাটির জনপদের মানুষ। এতে এখানে পর্যটকদের আসা-যাওয়া যেমন সহজ হবে তেমনি রাজধানী সহ দেশের অন্যান্য এলাকার সাথে যোগাযোগ সহজ হয়ে উঠবে।
কবি অসীম সরকার ১৮ আগস্ট বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবরে লিখিতভাবে মোহনগঞ্জ থেকে ধর্মপাশা ও মধ্যনগর হয়ে তাহিরপুরের শেষ প্রান্ত পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণের এই দাবি জানান।
এই আবেদনের অনুলিপি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক ও সেতু উপদেষ্টা, সিলেট বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।