নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের শূন্য পদ পূরণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ ৩ দফা দাবি জানানো হয়েছে।
রবিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবিগুলো জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সহিদ। এতে উল্লেখ করা হয়, ১৩৯ বছরের পুরনো মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০; কিন্তু শিক্ষক পদ মাত্র ২৫টি। এর মধ্যে ১৩টি পদই শূন্য। তারওপর আগামী ২০ জুলাই সহকারী প্রধান শিক্ষক ও আগামী বছর ২০ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক অবসরপূর্ব ছুটিতে চলে যাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছর ধরে অর্ধেক শিক্ষক দিয়ে চলছে পাঠদান। ফলে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশ; খারাপের দিকে যাচ্ছে। ফলে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাকরা। অবিলম্বে শিক্ষকদের শূন্য পদ পূরণ না হলে পাঠদানে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। নেমে যাবে শিক্ষার মান। সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক অবসরে গেলে প্রশাসনিক কাজেও অচলাবস্থা দেখা দিবে।
আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর ৪ জন শিক্ষক অবসরে চলে যান; কিন্তু এখন পর্যন্ত এই ৪টি শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি ৩টি হলো, অবিলম্বে সহকারী প্রধান শিক্ষকের পদ পূরণ, প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার আগেই একজন যোগ্য ও অভিজ্ঞ প্রধান শিক্ষক পদায়ন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণ সহ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।
লিখিত বক্তব্যে বলা হয়, এই দাবিগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয় বরং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার এবং শিক্ষা ও এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতার স্বার্থে তুলে ধরা হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দাবিগুলো পূরণের মাধ্যমে মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট হবে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, জাহেদ আহমেদ, জুনু মিয়া, আনোয়ার হুসেন, আব্দুল রাজ্জাক সুরত, কাজী আজাদ প্রমুখ।