নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল গত ১৪ আগস্ট আনুমানিক রাত পৌণে ৯টায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল ডিউটিকালীন গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা মহাসড়ক দিয়ে বড় একটি ট্রাক মাদকসহ ঢাকা যাচ্ছে।
এর ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় মায়ের দোয়া খাবার হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে সোয়া ১০টার দিকে ট্রাকটি আসতে দেখে থামার ইশারা দিলে ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে ট্রাক থেকে নেমে ৬ ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা ৫ জনকে ধরে ফেলেন। অন্যজন দৌড়ে পালিয়ে যায়।
পরে ধৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে, ট্রাকের ভিতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো খায়রুল ইসলাম (৪৫, ট্রাকচালক পিতা আব্দুল হক, নয়াখোলা, কানাইঘাট, সিলেট), নাজমুল হাসান পান্না (২২, মানিক মিয়া, ধরারাবহর, গোলাপগঞ্জ, সিলেট), মো মকলিছুর রহমান (২৮, পিতা আকবর আলী, শিমুলতলা নোয়াগাঁও, কোম্পানীগঞ্জ, সিলেট), মো সুহেব হোসেন (২০, পিতা মৃত আসমান আলী, তেলিখাল, কোম্পানীগঞ্জ, সিলেট) ও মো হায়দার আলী (৪০, পিতা মোতালেব মিয়া, ভোলাগঞ্জ কালাসাদক, কোম্পানীগঞ্জ, সিলেট)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।