বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সিলেটে সরকারি নানা কর্মসূচি গ্রহণ

প্রকাশিত May 19, 2025
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সিলেটে সরকারি নানা কর্মসূচি গ্রহণ

আগামীকাল (২০ মে) ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেটের যৌথ উদ্যোগে ২১ মে বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
এছাড়া প্রতিপাদ্যের আলোকে এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে টেকসই বিশ্ব বিনির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিমাপের সঠিকতা বাস্তবায়নের উপর তথ্যবহুল ও বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করবেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখবেন, বিএসটিআইর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো মাজাহারুল হক।
মেট্রোলজি দিবস উদযাপনের মাধ্যমে প্রতিপাদ্য বিষয়ক তাৎপর্য, বিএসটিআইর কার্যক্রম, আন্তর্জাতিক অঙ্গনে বিএসটিআইর গ্রহণযোগ্যতা, পণ্য ও সেবার মান বাস্তবায়নে সরকারি পদক্ষেপ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিতে বিএসটিআইর বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত, জনসচেতনতা তৈরি এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ওআইএমএল ও বিআইডিএমের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনে সহায়ক ভূমিকা রাখা যাবে।–পিআইপি সিলেট