নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর (৬২) দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি/২৭ মাঘ) দুপুর আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার কারিকোনা এলাকায় অনুষ্ঠিত তার জানাজায় অংশ নেন বিএনপির যুগ্মমহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ যোগ দেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সুহেল আহমদ চৌধুরী ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও এম ইলিয়াস আলীর অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা। যুবদল থেকে শুরু করে বিএনপিকে বিশ্বনাথে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তার ভূমিকা ছিল অনন্য। গণমানুষের কাছে গ্রহণযোগ্যতাও ছিল ব্যাপক। জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও বিশ্বনাথবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি আছকির আলী, সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ প্রমুখ।
পরে মরদেহ পূর্ব কারিকোনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বিএনপির একটি নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই সুহেল আহমদ চৌধুরী ইন্তেকাল করেন।