নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যা মামলার দুই আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র্যাব-৯ জানায়, বিয়ানীবাজার উপজেলার বিবিরাই এলাকার ব্যবসায়ী আলী হোসেন (৩৮) গত ১১ জুলাই রাত ৮টার দিকে একই এলাকার শাহীনূর ইসলামের নিকট জ্বালানি তেলের মূল্য বাবদ তার পাওনা ৬ হাজার চাইলে শাহীনূর ইসলাম ও তার লোকজনের হামলায় নিহত হন।
এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই/৩১ আষাঢ়) আনুমানিক সকাল ৬টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ও সকাল ৯টার দিকে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে আইনুল ইসলাম (২২) ও শাহীনূর ইসলামকে (৩০) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।