বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া সহ ৪ গ্রামের অপরাধ দমন কমিটির স্বেচ্ছাসেবকরা বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী ও অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতদের নিকট থেকে প্রায় দেড়লাখ টাকা মূল্যের ৬৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, বানিয়াচং উপজেলার বাজুকা গ্রামের পতাকী রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬) ও অটোরিকশা চালক হবিগঞ্জ শহরতলির উমেদনগরের মৃত দরবেশ আলীর ছেলে আবুল কালাম (৪০)।
পুলিশ জানায়, তারেক নামের সিলেটের এক মাদক ব্যবসায়ী বালু বোঝাই ট্রাক্টরে করে এই বিদেশী মদ আলমপুর এলাকায় মাদক ব্যবসায়ী প্রসেনজিৎ রায়ের কাছে দিয়ে যান। তিনি সেগুলো আবুল কালামের অটোরিকশায় উঠিয়ে নাগুরা সড়ক হয়ে আতুকুড়ার দিকে অগ্রসর হচ্ছিলেন; কিন্তু পথিমধ্যে স্বেচ্ছাসেবকরা তাদের ধরে ফেলেন।
পরে ৪ গ্রামের অপরাধ দমন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বানিয়াচং থানা পুলিশকে অবগত করলে এসআই জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে মদের বোতলগুলো জব্দ এবং আটককৃতদের গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার এসআই মোহাম্মদ মোস্তফা মিয়া জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মদের মূল মালিক মাদক ব্যবসায়ী উত্তম দাশকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, এলাকার অপরাধ দমনে আতুকুড়া, সুবিদপুর করিমনগর ও ইউসুফপুর গ্রামের যুবকরা প্রতিরোধ কমিটি গঠন করে প্রতিদিন রাতে ৪টি গ্রামে ২০ জন গ্রামগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে।