বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষিবিদদের কাজ করতে হবে

প্রকাশিত May 19, 2018
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষিবিদদের কাজ করতে হবে

সিলেটে এক কর্মশালায় বক্তারা বলেছেন, কৃষিবিদরা দেশের উন্নয়নের মূল সহায়ক শক্তি। তাদের কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে তারা প্রতিনিয়ত নিত্যনতুন কর্মকৌশল গ্রহণ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায়ই দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী করা সম্ভব। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কৃষিবিদদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরএআরএসের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো জসীম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড মো লুৎফর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো আলতাবুর রহমান ও এসআরডিআই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের এসএসও ড মাহমুদুল ইসলাম নজরুল। প্রতিবেদন উপস্থাপন করেন, সাইট্রাস রিচার্স সেন্টার জৈন্তাপুরের পিএসও ড শাহ মো লুৎফুর রহমান ও বারিএসএসও ড মাহমুদুল ইসলাম নজরুল।
কর্মশালায় সিলেট অঞ্চলের বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক এবং কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।