সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুরমা নদীর উত্তর ও দক্ষিণ—উভয় পারেই সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক আলোকসজ্জার সম্প্রসারণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রবিবার (২ আগস্ট/১৮ শ্রাবণ) সন্ধ্যায় দক্ষিণ সুরমার ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি এলাকায় কাজিরখলা-সুনামপুর রিয়াছত জামে মসজিদ প্রাঙ্গণে আধুনিক আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সুইট টিপে উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুরো এলাকা আধুনিক এলইডি আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
সিসিক প্রশাসক বলেন, শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই একটি আধুনিক নগর গড়ে ওঠে না। নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে পর্যাপ্ত আলোকসজ্জাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সড়কবাতি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরের সৌন্দর্য বৃদ্ধি করে।
তিনি বলেন, ”বর্ধিত ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করা হচ্ছে। আমাদের লক্ষ্য, উন্নয়নের সুফল যেন নগরের প্রতিটি এলাকায় সমানভাবে পৌঁছে যায়।”
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর এলইডি লাইট স্থাপন করা হচ্ছে। এতে বিদ্যুৎ খরচ কমবে, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং নাগরিকরাও উন্নত সেবা পাবেন।
তিনি এই আলোকসজ্জা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দ্রুত ত্রুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, আধুনিক এলইডি লাইট স্থাপনের ফলে সিসিকের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’-এর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনা আরও আধুনিক ও স্বয়ংক্রিয় হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি রাতের সড়ক দুর্ঘটনা কমবে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস ও জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ ও সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি