নানা কর্মসূচিতে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রকাশিত March 19, 2018
নানা কর্মসূচিতে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি : স্বাধীনতার মহানায়কের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। এছাড়া জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্নস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে বার্ষিকীর কেক কাটা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এবং শিশু একাডেমির উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।