বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি/১১ মাঘ) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, আলী আমজদ খান (৩১), আলমগীর খান (৩৫), নয়ন মিয়া তালুকদার (১৮), হাদি মিয়া (৪০) ও ইসলাম উদ্দিন (২২)।
পুলিশ জানায়, কালাভরপুর গ্রামের সালামত খান ও আলমগীর খানের মধ্যে পূর্ববিরোধ ছিলো। এর জের ধরে গ্রামের মসজিদ থেকে বের হওয়ার পর আলমগীর খানের ভাই আলী আমজদ খানের ওপর সালামত খানের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো কামাল হোসেন সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
নবীগঞ্জ থানার ওসি মো কামাল হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।