নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত September 18, 2018
নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাক-ঢোলের তালে, গ্রাম বাংলার গানে আর বৈঠার ছন্দে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের চার গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুশিয়ারা নদীর উভয় পাড়ে দাঁড়িয়ে মানুষ তা উপভোগ করেন।
নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ থেকে নানা বয়সের হাজার হাজার মানুষ উপস্থিত হন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশগ্রহণ করে।প্রথম হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনার বাংলা, দ্বিতীয় হয় নবীগঞ্জের বাগাউড়া গ্রামের পংকিরাজ আর তৃতীয় হয় নবীগঞ্জের হালিতলা গ্রামের শাহজালালের তরী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, হবিগঞ্জ জেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদ। পরিচালনায় ছিলেন, সাংবাদিক এম এস লিমন।