দোয়ারাবাজারের অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার

প্রকাশিত October 19, 2025
দোয়ারাবাজারের অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজারের অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ মামলার বিবরণ দিয়ে জানায়, দোয়ারাবাজার উপেজলার জনতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তার সাথে এক যুবক মদ্যপ অবস্থায় রাস্তা-ঘাটে খারাপ আচরণ করতে শুরু করে। তাই এক পর্যায়ে ছাত্রীর অভিভাবকরা তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন; কিন্তু গত ১৫ জুলাই এ ছাত্রী আনুমানিক রাত ৮টায় তাদের বসতঘর সংলগ্ন নলুয়া মরা নদীর ঘাটে অযু করতে গেলে সেই বখাটে যুবক ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নৌকায় তুলে নিয়ে যায়। পরে তাকে শারীরিক নির্যাতনসহ একাধিকবার ধর্ষণ করে।
ছাত্রীর বাবা এ ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশকে জানালে থানা পুলিশ অপহৃতা ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
মেয়েকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র‌্যাব-১১, নারায়নগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার লালমাই উপজেলার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার {নং-০২, তা-০১/১০/২০২৫ খ্রি, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর৭/৯(১)/৩০} এজাহার নামীয় ১ নম্বর পলাতক আসামি লিটন মিয়াকে (৩০, পিতা মৃত চেরাগ আলী, নলুয়া, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।