দক্ষিণ সুনামগঞ্জে লোককবি প্রতাপ রঞ্জনের মৃত্যুদিবস পালিত

প্রকাশিত October 5, 2018
দক্ষিণ সুনামগঞ্জে লোককবি প্রতাপ রঞ্জনের মৃত্যুদিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় লোককবি প্রতাপ রঞ্জন তালুকদারের ১০তম মৃত্যুদিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে লোককবি প্রতাপ রঞ্জন তালুকদার পর্ষদের উদ্যোগে উপজেলার টাইলা গ্রামের হরিতলা মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার তালুকদার, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সমাজসেবী চন্দন তালুকদার, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর খান ও গীতিকার সরদার শাহারিয়ার হাসান।
লোককবি প্রতাপ রঞ্জন তালুকদার ধামাইল, সূর্যব্রত সংগীত, নারী সংগীত, কীর্ত্তন, বৈঠকি গান, গোষ্ট গান ও গণসংগীত সহ ৮ শতাধিক গান রচনা করে গেছেন।