বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট/৩০ শ্রাবণ) সকাল সাড়ে ১১টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের উদ্যোগে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্মআহবায়ক মো ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক রাজু আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জনউদ্যোগের আহবায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট দিপংঙ্কর বণিক।
বক্তারা বলেন,প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্রের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এসব সিলেট বিভাগে মানসিক বিনোদনের আকর্ষণীয় স্থান; কিন্তু পটপরিবর্তনের পরে একশ্রেণির দুর্নীতিবাজ স্থানীয় প্রশাসনের দুর্নীতিগ্রস্থদের সহায়তায় গত দু’তিনমাসে ভোলাগঞ্জে মূল্যবান খনিজ সম্পদ সাদাপাথর লুটের মহোৎসবে মেতে উঠেছিল।
তারা এই দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউসবোর্ডগুলোতে পর্যটকদের আনাগোনা বেশি থাকলেও অধিকমাত্রায় গানবাজনা ও বর্জ্য ফেলার কারণে জীববৈচিত্র, বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ, গাছপালা ও পশুপাখির এই নিরাপদ আবাসস্থলের পরিবেশ বিনষ্ট হচ্ছে।
এ ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ ও দোষীদের শাস্তির আওতায় আনার জন্যেও তারা দাবি জানান।