সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলাদেশের মাটিতে আগামীর যেকোন আন্দোলন সংগ্রামে তারা হবেন অনুপ্রেরণার উৎস। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো দেশে ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে তারা আদর্শ উদাহরণ হবেন।
তিনি আরও বলেছেন, ‘এতসব আন্দোন সংগ্রাম ও প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। অভাব, অনটন ও চাঁদাবাজী মুক্ত একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই। সেজন্যই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে জয়লাভ করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে তার সুফল কি হতে পারে তা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের সাফল্য অনিবার্য।’
ফয়সল চৌধুরী শনিবার (২ আগস্ট/১৮ শ্রাবণ) রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিয়ানীবাজারে সবসময় বিএনপি শক্তিশালী অবস্থান ছিল। এমনকি দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন জুলুম সহ্য করেও বিয়ানীবাজারবাসী বিএনপির সাথে ছিলেন-এখনো আছেন। চারখাই ইউনিয়নবাসীও জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে সবসময় ঐক্যবদ্ধ। এই ঐক্য ধরে রেখে নিজেদের আরও শক্তিশালী করতে যা যা প্রয়োজন আমরা তাই করতে প্রস্তুত। আমরা সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে তাদের সাথেই ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।’
চারখাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মুস্তাকিন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু, বিএনপির ১ নম্বর ওয়ার্ড সহসভাপতি রিপন মিয়া, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি