সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাচনাবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় শনিবার দিনব্যাপী এর আয়োজন করা হয়েছিল।
জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আহবায়ক পুর্ণেন্দু ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ।
বক্তারা বলেন, স্বাধীনতার জন্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। তাই সংখ্যালঘু বলে কাউকে খাটো করার সুযোগ নেই।
নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও পরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সম্মেলনে পুর্ণেন্দু ঘোষ চৌধুরী রূপনকে সভাপতি, অঞ্জন পুরকায়স্থকে সাধারণ সম্পাদক ও সজিব বণিককে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।