জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার হয়েছে।
রবিবার (৩ আগস্ট) ও সোমবার (৪ আগস্ট) সিলেট মহানগর সহ জেলার গোলাপগঞ্জ ও ওসমানীনগর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি প্রাইভেট কার, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ৮৯০ নেপালী রুপি, বিভিন্ন ব্র্যান্ডের ৩৪টি এনড্রয়েট ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ৫টি বিদেশী হাতঘড়ি, ১টি বিদেশী ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ি, ৪টি ছাতা, ১টি ল্যাগেজ, ৩টি হ্যান্ড ব্যাগ, কম্পিউটার কি-বোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, ২টি সূচালো শাবল, হাতুরি, ২টি সুইস চাকু, লোহার স্কুড্রাইভার ও গোল্ড প্রিন্টেট বিভিন্ন অলংকার সহ এই ডাকাতদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের ওসামীনগর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে ছোয়াবির আহমেদ ওরফে সাব্বির (৩৯) ও গোলাপগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত আরজদ উল্ল্যার ছেলে সোহেল মিয়া (৪২) ও বিশ্বম্ভরপুর উপজেলার সুমন মিয়ার ছেলে রুহুল আমিন (২৫)।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ২২ জুলাই জকিগঞ্জ উপজেলার বারহালের খিলোগ্রামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ উপজেলার দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল সহ এই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো মুফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে।
ডাকাত দলের অন্যান্য সদস্যকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।