জকিগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ || ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত August 21, 2025
জকিগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ || ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের জকিগঞ্জে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে ফারুক মিয়ার পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
এ ব্যাপারে সে নিজে বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র‌্যাব-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল বুধবার (২০ আগস্ট) আনুমানিক রাত ১০টায় ঢাকার সাভার উপজেলার খাগান এলাকায় অভিযান পরিচালনা করে মামলার পলাতক ৩ নম্বর আসামি শাকের আহমদকে (২৪, পিতা আজাদ আহমদ, মাইজগ্রাম, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর পক্রিয়া চলমান রয়েছে।