নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এক সদস্য চোরাকারবার বিরোধী অভিযান চালাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
বিজিবি জানায়, শনিবার (৯ আগস্ট/২৫ শ্রাবণ) বিকেল সোয়া ৫টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি টহলদল চোরাচালানকৃত ভারতীয় সুপারি বহনকারী একটি নৌকাকে চ্যালেঞ্জ করে।
এক পর্যায়ে চোরাকারবারী ও চোরাচালানের মালামাল বোঝাই নৌকাটি বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে এসে ধাক্কা দেয়। এতে দুজন বিজিবি সদস্য ইছামতি নদীতে পড়ে যান। এর মধ্যে একজন সাঁতর তীরে উঠতে পারলেও অপরজন সিপাহী মো মাসুম বিল্লাহ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
তবে এলাকার লোকজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ সৈনিকের সন্ধান চলছে।