নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির বিজয় আখ্যায়িত করেছেন।
তবে শুধু সময় ঘোষণা নয়-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি উল্লেখ করে তিনি নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
বুধবার (৬ আগস্ট/২২ শ্রাবণ) দুপুরে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিজয় শোভাযত্রা শুরুর আগে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
ড মঈন খান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার তার কাজ করছে।আমাদেরকে করতে হবে আমাদের কাজ। দেশের গ্রামে-গঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।’
তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আশাবাদ ব্যক্ত করেন, শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসনের বিষয়ে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে।
প্রবীণ এই বিএনপি নেতা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের একটি সুস্পষ্ট বার্তা। সেই ইতিহাস আজ গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াইয়ে আমাদেরকে নতুন প্রেরণা জোগায়।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির এই অবস্থান তৈরি হয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে লক্ষ্যে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে-বিজয়ীও হবে।’
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘দলের অসংখ্য নেতাকর্মী নির্ভীকভাবে জীবন উৎসর্গ করেছেন। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’
তিনি সিলেট জেলা ও মহানগর বিএনপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি ডা নাজমুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী।
পরে বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃষ্টির কারণে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।