নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রোষানলে পড়ে বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক হামলা-মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট/১ ভাদ্র) উপজেলার বাঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর আহমদের ভাই জয়নাল আবেদীন সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি জানান, মনজুর আহমদ ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি তা তীব্র আকার ধারণ করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও তার ছেলে শতাধিক লোক নিয়ে জোরপূর্বক মনজুর আহমদের বাড়িতে দখল করতে গেলে মনজুর আহমদসহ তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলাকারীরা তাদের বাড়ি ও মুদি দোকান থেকে ৪৯ লাখ ৬০ হাজার টাকার মালামাল, নগদ টাকা ও সোনা গয়না নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ মামলা নিলেও আসামিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। উপরন্তু ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলে তাজউদ্দিনের দায়ের করা ‘মিথ্যা’ মামলায় মনজুর আহমদ ও তার ভাই খলিলুর রহমান কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি বাড়ির সীমানার পাশে মনজুর আহমদের ক্ষেতের জমি কিনেন তাজউদ্দিন। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ একাধিকবার মাপজোখ করে সীমানা নির্ধারণ করে দিলেও তাজ উদ্দিন তা না মেনে বাড়ির ১০ ফুট ভিতর পর্যন্ত জোরপূর্বক দখল করার পাঁয়তারা করেন। এর জের ধরে বিরোধ চরম আকার ধারণ করে।
সংবাদ সম্মেলনে মনজুর আহমদের বড়ভাই ফখরুল ইসলাম এবং সাদেক আহমদও উপস্থিত ছিলেন।