গোয়াইনঘাটে বালু লুটের প্রতিবাদী বিএনপি নেতার মুক্তি দাবি

প্রকাশিত August 31, 2025
গোয়াইনঘাটে বালু লুটের প্রতিবাদী বিএনপি নেতার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বালুখেকোদের নির্বিচারে বালু লুটে প্রতিবাদ করায় একের পর এক দায়ের করা মিথ্যা মামলায় বাংলাবাজার-মুকতলা ব্যবসায়ী সমিতির সভাপতি, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট/১৬ ভাদ্র) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাবাজার-মুকতলা ব্যবসায়ী সমিতির সদস্য নূরুল ইসলাম।
তিনি জানান, রিয়াজ উদ্দিন তালুকদার এই সংগঠনের সভাপতি ছাড়াও উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের একাধিকবারের মেম্বার। আওয়ামী লীগ আমলে বালু লুটের ঘটনায় তিনি প্রভাবশালী আওয়ামী লীগ-যুবলীগ নেতা সুভাস, মুজিব ও রাসেল চক্রের বিরুদ্ধে ২০২৪ সালের ২৯ জুলাই দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। গত বছর পটপরিবর্তনের পরও বালু লুটের বিপক্ষে অবস্থান ছিলো তার। প্রায় ৪ মাস আগে তিনি বাংলাবাজার, বালির হাওর ও বাউরভাগ সহ কয়েকটি এলাকার ব্যবসায়ীদের নিয়ে বালু খেকোদের বিরুদ্ধে অবস্থান নেন এবং বাংলাবাজারে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর বালুখেকোরা সংঘবদ্ধ হয়ে একাধিবার ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা চালায় এছাড়া ১৯ জুনের একটি ঘটনায় দায়ের করা মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। পরে ৭ জুলাই তিতারাইয়ের অবৈধ রয়্যালিটি ঘাটের পক্ষ থেকে সমন্বয়ক আজমলসহ আসামিদের সঙ্গে তাকেও আসামি করা হয়েছে। অথচ এ ঘটনাও তার কোনো সম্পৃক্ততা ছিলো না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ জুলাই স্থানীয় বাংলাবাজারে বালুখেকো চক্রের দু’পক্ষের সংঘর্ষে গুপ্ত হামলায় আহত হন বাংলাবাজারের ‘বালুখেকো’ আলী হোসেন। এ ঘটনার সময় রিয়াজ উদ্দিন তালুকদার ঢাকায় অবস্থান করলেও তিনিসহ তার ভাই ও ভাতিজাসহ ব্যবসায়ীদের আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম জানান, জাফলং, বাংলাবাজার ও হাজীপুরসহ কয়েকটি ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু লুটের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা স্ট্যালিন তারিয়াং। গোয়াইনঘাট সদরে তিতারাই ঘাট নিয়ন্ত্রণ করতেন উপদেষ্টাদের গাড়ি বহরে হামলার ঘটনায় বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্মসম্পাদক জাহিদ খান ও তার ভাই জিয়ারত খান। হাজীপুর, বাংলাবাজার ও জাফলংয়ে বালু লুটে নেতৃত্ব দিয়েছেন স্ট্যালিনের খাস লোক লুনি গ্রামের খায়রুল ইসলাম, কামরুল ইসলাম ও রিয়াজ ওরফে ‘চোর রিয়াজ’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাবাজারে এবার বালু লুট করা হয়েছে বাউরভাগ গ্রামের আলী হোসেন, খান বাহাদুর, ইয়াকুব আলী, খুরশেদ আলম ও এবারত হোসেনের নেতৃত্বে। এ ঘটনায় গোয়াইনঘাট থেকে কয়েকজন পুলিশ সদস্যকে প্রত্যাহার হয়েছে।
সংবাদ সম্মেলনে গোয়াইনঘাটে বালু লুটের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও রিয়াজ উদ্দিন তালুকদারের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাবাজার-মুকতলা ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মাতাউর রহমান মাতাই সহ অপর কয়েকজন।