নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোয়াইনঘাটে বালুমহালে চাঁদাবাজির অভিযোগে মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, গত ২৮ জুন সকাল ৬টার দিকে আজমল হোসেন নামে একজনের নেতৃত্বে অজ্ঞাত নামা শ-দেড়শ জন উপজেলার লেঙ্গুড়া বালুমহালে বালু ব্যবসায়ী ও নৌকা মালিকদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে অন্যথায় প্রাণনাশের হুমকি দেয়।
আবার একই দিন সকাল সাড়ে ৯টায় সময় তিতারাই নৌঘাটে নৌকার মাঝি ও সোকানিদেরকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৮ লাখ ৮০ হাজার টাকা চাঁদা আদায় করে।
এ সময় যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় চাঁদাবাজরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বাল্কহেড নৌকা ও কার্গো জাহাজ আটক করে রাখে।
এই ঘটনায় মোহাম্মদ আব্দুল করিম নামে একজন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় ৩৪ জনের নাম-ঠিকানা উল্লেখসহ অজ্ঞাত নামা শ-দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল রবিবার (১০ আগস্ট/২৬ শ্রাবণ) আনুমানিক রাত ৩টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্ককরপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজির মূলহোতা আজমল হোসেন (২), পিতা ফয়ছল আহমদ, লেঙ্গুড়া, গোয়াইনঘাট, সিলেট) সহ একই গ্রামের বিলাল উদ্দিন (৪৮, পিতা ফয়জুর রহমান), ফয়ছল আহমদ (৫৫, পিতা মৃত আব্দুল মুছব্বির), সোবহান আহমদ (৩৮, পিতা আব্দুল করিম), সুলতান আহমদ (৩৫, পিতা আব্দুস সালাম), সাকিল আহমদ (২৪, পিতা ফারুক আহমদ) ও ফারুক আহমদকে (৫০, পিতা মৃত ফয়জুর রহমান) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।