সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়-জাতি গঠনের শক্তিশালী হাতিয়ারও। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সহনশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
রবিবার (১২ জুলাই/২৮ আষাঢ়) রাতে মহানগরীর আলপাইন রেস্টুরেন্টে দৈনিক ‘আগামীর সময়’ আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক আগামীর সময় ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পত্রিকাটি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আগামীর সময় যে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার প্রতি আগ্রহই বাড়ায় না, বরং তরুণদের জ্ঞানচর্চা, ইতিবাচক প্রতিযোগিতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া অবকাঠামো নির্মাণ, খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাচ্ছে।
সিসিক প্রশাসক বলেন, সিলেট সিটি কর্পোরেশনও খেলাধুলাকে সবসময় উৎসাহিত করে।
অনুষ্ঠানে ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিনের কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে ১১ জুলাইয়ের কুইজের ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন পত্রিকাটির আবাসিক সম্পাদক আহমেদ নূর। উপস্থিত ছিলেন আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। সংবাদ বিজ্ঞপ্তি