কক্সবাজারের হত্যা মামলার প্রধান আসামি শায়েস্তাগঞ্জে গ্রেফতার

প্রকাশিত December 19, 2025
কক্সবাজারের হত্যা মামলার প্রধান আসামি শায়েস্তাগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব কক্সবাজারের চাঞ্চল্যকর শের আলী হত্যা মামলার প্রধান আসামিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার সাপমারার ডেইল এলাকার শের আলী জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬ নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে ৪টায় এলাকার জামে মসজিদে আসরের নামাজ পড়ে হেঁটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে জেলার মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র‌্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক দুপুর পৌণে ১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি দলিলুর রহমানকে (৩১, পিতা মৃত কাশেম, সাপমারার ডেইল, মহেশখালী, কক্সবাজার) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।