নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজ ও সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদেরকে জন্যে সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ এলামাইন এসোসিয়েশন অব ইউএসএ ইনক বৃত্তি প্রবর্তন করেছে।
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪০ জনকে বার্ষিক ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
সোমবার (১৮ আগস্ট/৩ ভাদ্র) এমসি কলেজ শিক্ষক মিলনায়তনে বৃত্তি প্রদান কার্যক্রম প্রক্রিয়া উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ গোলাম আহমদ খান।
এ সময় অধ্যাপক গোলাম আহমদ খান বলেন, এটা আনন্দ ও শ্লাঘার বিষয় যে, কলেজের প্রাক্তনিরা কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। এর ফলে গরীব মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে।
এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি অভিমত রাখেন।
এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ব্ক্তব্য ও বৃত্তি কার্যক্রম সর্ম্পকে ধারণা দেন এমসি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মো হোসেন সরোয়ার।
সভায় ব্ক্তারা বলেন, শুধুমাত্র দেশের প্রতি মমত্ববোধ আর শিকড়ের টানেই সাবেক ছাত্ররা এ মহৎ কার্যক্রম হাতে নিয়েছেন। এ প্রণোদনা নি:সন্দেহে শিক্ষার্থীদের কাজে লাগবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না বসু ও সিলেট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সব্যসাচী দত্ত।
উল্লেখ্য, এবার এমসি কলেজের ২৫ জন, যার মধ্যে ১৫ জন বিভাগভিত্তিক (স্নাতক), ৬ জন পাস কোর্স ও ৪ জন উচ্চ মাধ্যমিক এবং সরকারি কলেজে মোট ১৫ জন, যার মধ্যে ৫ জন বিভাগভিত্তিক ( স্নাতক), ১০ জন পাস কোর্স ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৫ সেপ্টেম্বরের তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৪৭৩৫৪৬৪ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।