নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতৃবৃন্দ দেশজুড়ে আলোচিত সাদা পাথর লুটপাটের ঘটনায় তাদেরকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট/৬ ভাদ্র) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা বলেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদেরকে পাথর লুটপাটের সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন-দুদকের বরাত থাকলেও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ বা তদন্ত প্রতিবেদনের সূত্র উপস্থাপন করা হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান ও সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।
নাজিম উদ্দীন সাহান জানান, এই প্রতিবেদন একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি চেষ্টার অংশ বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি একটি স্বচ্ছ ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্যেই কাজ করছে। তারা কোনোভাবেই সাদা পাথর সংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত নন। এই পাথর সংক্রান্ত কোনো কার্যক্রমে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কোনো পক্ষ তাদের জড়িত থাকা প্রমাণ করতে না পারে তাহলে অবশ্যই দুঃখপ্রকাশ করতে হবে অন্যথায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ ও সালমান খুর্শেদ, জেলা সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, জেলা সদস্য (প্রচার) মুফতি মাওলানা ছালিম আহমদ, এনসিপি মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নূরুল হক, তারেক আহমদ বিলাস, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল ও নাঈম শেহজাদ, সদস্য মো নিজাম উদ্দিন, সায়মন সাদিক জুনেদ, কামরান জায়গীরদার, ফুয়াদ আহমদ, যুব উইংসের কেন্দ্রীয় সংগঠক মাহবুব রহমান তাসলিম, জেলা সদস্য সাবের চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য মো জামিল আহমদ, শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক মাঈন উদ্দীন ও লোকমান হোসেন।