একান্নবর্তী পরিবার দেখতে জুড়ীতে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশিত March 4, 2026
একান্নবর্তী পরিবার দেখতে জুড়ীতে ভারতীয় সহকারী হাইকমিশনার

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামে একটি একান্নবর্তী পরিবারকে দেখতে আসেন।
বুধবার (৪ মার্চ/১৯ ফাল্গুন) বিকেলে তিনি জুড়ী পৌঁছেন। পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে প্রায় আট দশক ধরে একান্নবর্তী পরিবারের পক্ষে সোহাগী রানী পাল ও পলাশ রুদ্র পাল সহ অন্যরা তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-তথ্য-সংস্কৃতি-শিক্ষা বিষয়ক দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, ধামাই চা-বাগানের জি এম কাজল মাহমুদ ও বেসরকারি সংস্থা গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।
ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস একান্নবর্তী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পারিবারিক ইতিহাস-ঐতিহ্যের কথা শুনেন।
অনিরুদ্ধ দাস বলেন, একসময় একান্নবর্তী পরিবারের সংখ্যা বেশি থাকলেও এখন আর তেমন দেখা যায়না; কিন্তু এই যুগেও এ পরিবারটি টিকে আছে। এক হাঁড়িতে সবার জন্যে রান্না হচ্ছে। দীর্ঘদিন ধরে সবাই মিলেমিশে চলছে। তা দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।
এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশ নয়-ভারতের মানুষকেও অনুপ্রাণিত করবে বলে তিনি মন্তব্য করেন।