‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানে আবারও একসঙ্গে আসিফ-কর্নিয়া

প্রকাশিত May 22, 2018
‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানে আবারও একসঙ্গে আসিফ-কর্নিয়া

গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এক। গানের শিল্পী এক। ভিডিও পরিচালক এক। প্রযোজনা প্রতিষ্ঠানও এক; কিন্তু গান এবং ভিডিওর লোকেশন ও গল্পটা ভিন্ন।
একটু অবাক করার খবর বটে! আসিফ আকবর-কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বুঝাই’ প্রকাশিত হয় গত বছর আগস্টের শেষের দিকে। প্রকাশের পর পরই গানটি শ্রোতা মহলে যেমনি ব্যপক সাড়া ফেলে তেমনি ভিডিওতে এই জুটির পারফরম্যান্সও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আসিফের সঙ্গে জুটি বেঁধে গত বছর কর্র্নিয়া বেশ সফলতাও পান। এবার তারই ধারাবাহিকতায় আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই জুটি। গানের শিরোনাম ‘একবার ছুঁয়ে যা হৃদয়’।
‘কি করে তোকে বুঝাই’ গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছিলেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছিলেন সৈকত নাসির। ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানেরও এই গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও ভিডিও নির্মতা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গানটি প্রকাশ করছে যথারীতি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘কি করে তোকে বুঝাই’ গানটি অনেক পছন্দ করেছেন শ্রোতা-দর্শক। গানটির সফলতার পর কর্নিয়ার সঙ্গে আরো দুটি গান করেছি। এর মধ্যে একটি হলো ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। কর্নিয়া অনেক ভালো গায়। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
আর কর্নিয়া বলেন, আসিফ ভাই, আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই আমি। এবারের গানটিও বেশ ভালো হয়েছে।
ধ্রুব মিউজিক স্টেশন ৩১ মে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।