উপদেষ্টাদের আশেপাশে আওয়ামী দুসরদের অবস্থান : হেলাল খান

প্রকাশিত August 6, 2025
উপদেষ্টাদের আশেপাশে আওয়ামী দুসরদের অবস্থান : হেলাল খান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন, দেশে এখনও আওয়ামী লীগের সহযোগীরা সক্রিয় রয়েছে। বিশেষ করে বর্তমান সরকারের উপদেষ্টাদের আশেপাশে তাদের অবস্থান। সেখান থেকে এই দুসরদের সরাতে হবে।
তিনি আরও বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি। এ জন্য দরকার একটি নির্বাচিত সরকার।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় মিছিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে হেলাল খান বলেন, দেশে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানে না-তারা এটা চায়ও না। এটা নির্বাচন পিছানোর একটি বাহানা। পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে হলে তা সংসদভিত্তিক নির্বাচিত সরকারের মাধ্যমেই নিতে হবে।–সংবাদ বিজ্ঞপ্তি